ফরিদগঞ্জ ভূমি অফিসে পরিবর্তনের ছোঁয়া, সেবায় ফিরছে মানুষের আস্থা।

ছবিঃ ভূমিসেবা নিতে আসা জনগণের সাথে কথা বলছেন এসিল্যান্ড মো. আনিসুর রহমান।


এসিল্যান্ড মো. আনিসুর রহমানের উদ্যোগে হয়রানিমুক্ত ভূমিসেবা নিশ্চিতের প্রচেষ্টা।


প্রতিবেদকঃ মোঃ ইমাম হোসেন
ফরিদগঞ্জ, চাঁদপুর। 

ভূমি অফিসে গেলেই ভোগান্তি, দীর্ঘসূত্রতা আর দালালদের দৌরাত্ম্য—সাধারণ মানুষের কাছে সরকারি ভূমি কার্যালয় সম্পর্কে এমন ধারণাই প্রচলিত। তবে সেই চিরচেনা চিত্র পাল্টে দিতে কাজ শুরু করেছেন চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আনিসুর রহমান। তাঁর উদ্যোগে ভূমি কার্যালয়ে গড়ে উঠছে সেবাবান্ধব পরিবেশ। ওনার সাথে যে কোন বিষয়ে কথা বলতে লাগেনা কারও অনুমতি। ভূমি সংক্রান্ত যে কোন জিজ্ঞাসা বা সেবায় দরজা ঠেলে প্রবেশ করতে পারেন সকলেই। বিশেষ করে অসহায়, বিধবা ও প্রতিবন্ধী ব্যক্তিদের অগ্রাধিকার দিয়ে দ্রুত সেবা প্রদানের উদ্যোগ ইতোমধ্যে স্থানীয়দের নজর কেড়েছে।

২০২৬ সালের অক্টোবর মাসে ফরিদগঞ্জে যোগদান করেন সহকারী কমিশনার (ভূমি) মো. আনিসুর রহমান। এসিল্যান্ড হিসেবে এটিই তাঁর প্রথম কর্মস্থল। নতুন কর্মস্থলে যোগদানের পর থেকেই ভূমি অফিসের কার্যক্রমে গতিশীলতা আনা, সেবাপ্রত্যাশীদের ভোগান্তি কমানো এবং স্বচ্ছতা নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেন তিনি। গুরুত্বপূর্ণ পদগুলোতে নতুন কর্মকর্তা-কর্মচারী থাকা সত্ত্বেও দ্রুত সমন্বয়ের মাধ্যমে একটি কার্যকর সেবাব্যবস্থা গড়ে তোলার চেষ্টা করছেন।

ভূমি কার্যালয়ে দালাল ও অসাধু মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য বন্ধে 'জিরো টলারেন্স' নীতি গ্রহণ করেছেন তিনি। সাধারণ মানুষ যাতে কোনো মধ্যস্বত্বভোগীর আশ্রয় না নিয়ে সরাসরি সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে যোগাযোগ করে সেবা নিতে পারেন, সে পরিবেশ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সেবা প্রদান এবং কোনো ধরনের হয়রানি না করার বিষয়ে কর্মকর্তা-কর্মচারীদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। পাশাপাশি সেবার মান ও কার্যক্রম নিজেই তদারকি করছেন।

এই উদ্যোগের সুফল পেতে শুরু করেছেন ভূমিসেবাপ্রত্যাশীরা। সম্প্রতি কোনো ধরনের হয়রানি ছাড়াই সহজে ভূমিসেবা পেয়েছেন বাক ও শ্রবণপ্রতিবন্ধী আব্দুল মান্নান এবং বিধবা রহিমা বেগম। দীর্ঘসূত্রতা কিংবা বাড়তি বিড়ম্বনা ছাড়াই প্রত্যাশিত সেবা পেয়ে তাঁরা সন্তোষ প্রকাশ করেন। সেবা পেয়ে আবেগাপ্লুত এই দুই সেবাগ্রহীতা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতাও জানান। তারা বলেন আগে এই ধরণের সেবা এত দ্রুত সহজে তারা পেতেননা।

তাঁদের মতো অসহায় ও বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের জন্য অগ্রাধিকারভিত্তিতে সেবা নিশ্চিত করার উদ্যোগ ভূমি কার্যালয়ের মানবিক সেবার একটি গুরুত্বপূর্ণ দিক হিসেবে বিবেচিত হচ্ছে। শুধু ভূমিসেবার মানোন্নয়ন নয়, জনস্বার্থসংশ্লিষ্ট অন্যান্য কার্যক্রমেও সক্রিয় ভূমিকা রাখছেন এসিল্যান্ড মো. আনিসুর রহমান।

গত ১২ অক্টোবর রূপসা উত্তর ইউনিয়নের পূর্ব বদরপুর, নারিকলতলা, কেরোয়ার গুদারার চর, এলাকায় অবৈধ ড্রেজার অপসারণে মোবাইল কোর্ট পরিচালনা করেন তিনি। তিনি ফরিদগঞ্জ উপজেলায় যোগদানের পর ফরিদগঞ্জ নাগরিক ফোরামের নের্তৃবৃন্দের সাথে দুটি বৈঠক করেন। এবং নাগরিক সুবিধা নিশ্চিতে সকলকে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। ফরিদগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির সঙ্গে মতবিনিময় সভায় বাজারের শৃঙ্খলা ও জনদুর্ভোগ নিরসনে বিভিন্ন নির্দেশনা দেন। এর মধ্যে রয়েছে ব্যবসাপ্রতিষ্ঠানে পণ্যের মূল্যতালিকা প্রদর্শন, অবৈধভাবে দখল করা ফুটপাত উদ্ধার, বাজার তদারকি জোরদার এবং যানজট নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ।

এ ছাড়া যুবসমাজকে ইতিবাচক ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে খেলাধুলা এবং আন্তঃউপজেলা বিতর্ক উৎসবের মতো উদ্যোগেও উৎসাহ জুগিয়ে যাচ্ছেন তিনি।

নিজের কর্মপরিকল্পনা ও লক্ষ্য সম্পর্কে সহকারী কমিশনার (ভূমি) মো. আনিসুর রহমান, ৫ নভেম্বর বৃহস্পতিবার চাঁদপুর টিভিকে বলেন, “চাঁদপুর জেলা সদরে কাজ করার পূর্ব অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে শতভাগ নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে নিজের সর্বোচ্চটা দিতে চাই। ‘ভূমি অফিস মানেই ভোগান্তি’—সাধারণ মানুষের এই বদ্ধমূল ধারণা আমি বদলে দিতে বদ্ধপরিকর। সেবাপ্রত্যাশীরা যেন কোনো হয়রানি ছাড়াই হাসিমুখে সেবা নিয়ে ফিরতে পারেন, সেটিই আমাদের মূল লক্ষ্য।”

সাধারণ মানুষের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়া এবং প্রশাসনের প্রতি মানুষের আস্থা বাড়ানোর ক্ষেত্রে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ফরিদগঞ্জ উপজেলাবাসীর প্রত্যাশা, এসিল্যান্ডের নেওয়া এই উদ্যোগগুলো ধারাবাহিকভাবে বাস্তবায়িত হবে। ভূমি অফিসে সেবা নিতে এসে মানুষ যেন আর ভোগান্তির শিকার না হন, বরং সম্মান ও স্বস্তির সঙ্গে নিজেদের প্রয়োজনীয় সেবা নিয়ে ফিরতে পারেন—এমন পরিবেশই তাঁদের প্রত্যাশা।

এই বিষয়ে ফরিদগঞ্জ নাগরিক ফোরামের সভাপতি মোশাররফ হোসেন নান্নু বলেন জনগণের সেবা প্রদানই প্রশাসনের কাজ, জগণের ট্যাক্সের টাকাই প্রশাসনের কর্মকর্তাদের বেতন হয়। মোশাররফ হোসেন নান্নু আরো বলেন, ফরিদগঞ্জ উপজেলায় ভূমিসেবা হোক দুর্নীতি ও হয়রানিমুক্ত। ফরিদগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. আনিসুর রহমানের প্রতি ফরিদগঞ্জ উপজেলাবাসীর প্রত্যাশা তিনি দুর্নীতি ও হয়রানিমুক্ত ভূমিসেবায় সচেষ্ট থাকবেন এবং প্রতিটি ইউনিয়নের ভূমি অফিসগুলোকে কঠোর তদারকি করে ভূমি সংক্রান্ত সকল সরকারি সেবা করবেন। 


Comments